নিজস্ব সংবাদদাতা- :
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং এ বিষয়ে করণীয় নির্ধারণে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মাঠে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা এবং সুইডেন সরকারের অর্থায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মিঞা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফিখান, সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান এবং ভিউ-এর নির্বাহী পরিচালক মো. এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল গফুর সরকার।
গণশুনানিতে বক্তারা বলেন, দেশে কন্যাশিশুর প্রতি যৌন নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নারীর ওপর শারীরিক নির্যাতন কিছুটা কমলেও মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের ঘটনা এখনও আশঙ্কাজনক। এছাড়া নারী ও কন্যাশিশুরা ইভটিজিংসহ বিভিন্ন ধরনের হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ এবং নারী-শিশু নির্যাতন একটি সামাজিক ব্যাধি। এ সমস্যা মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। কমিউনিটি নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ে ছোট ছোট কমিটি গঠনের মাধ্যমে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি জরুরি সেবা ৯৯৯ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ হেল্পলাইনের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
গণশুনানি শেষে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ৩ কোটি ৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।