নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সব শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র দিনব্যাপী শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখার নির্দেশনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।
জাতীয় এই দিনে কুড়িগ্রামের জেলা পরিষদের অধীন শিশু পার্ক বন্ধ থাকায় এবং পৌরসভার শিশু পার্ক কার্যত অকেজো থাকায় শিশুদের বিনোদন থেকে বঞ্চিত হতে হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় সরেজমিনে দেখা গেছে, বিজয় দিবসের ছুটির সকালে অনেক শিশু তাদের পরিবার নিয়ে আনন্দ ও বিনোদনের আশায় শিশু পার্কে আসে। কিন্তু জেলা পরিষদের শিশু পার্কের প্রধান ফটকে তালা ঝুলতে দেখে তারা হতাশ হয়ে ফিরে যায়। অন্যদিকে পৌরসভার শিশু পার্কটি নামমাত্র খোলা থাকলেও অধিকাংশ রাইড নষ্ট, নিরাপত্তা ঝুঁকি এবং অব্যবস্থাপনার কারণে শিশুদের সেখানে খেলাধুলা করা সম্ভব হয়নি।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
তাদের মতে, বিজয় দিবসের মতো জাতীয় দিবসে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও ইতিহাস জানার আগ্রহ তৈরি হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সেই সুযোগ থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে।
পুরাতন থানাপাড়ার ৭ম শ্রেনির শিক্ষার্থী শ্রেয়া সরকার বলেন,' আজ স্কুল বন্ধ,সকালে দেরি করে উঠেছি তাই স্টেডিয়ামও যাওয়া হয়নি,শিশু পার্কে এসে দেখি পার্কে তালা দেয়া।'
৫ম শ্রেনির আরেক শিক্ষার্থী তনুশ্রী পাল বলেন,' এখন শীতকাল ৫টার সময় সন্ধ্যা লাগে,বিকেল পৌনে ৪টা বাজে এখনও পার্ক বন্ধ। তাই ফিরে যাচ্ছি।
চিলমারী উপজেলা থেকে ঘুরতে আসা রিয়াদুল ইসলাম বলেন,' বিজয় দিবস উপলক্ষ্যে আজ জেলা প্রশাসন থেকে শিশুপার্ক উন্মোক্ত রাখার কথা। নতুন পার্ক দেখি নাই। দুপুর ৩ টা বাজে এখনও পার্ক বন্ধ। তাই ফিরে যাচ্ছি।'
রাজারহাট উপজেলা থেকে আসা শিক্ষার্থী দিগন্ত সরকার বলেন,' জেলা পরিষদের পার্ক বন্ধ,পৌরসভার পার্কে আসলাম এখানে তো কিছুই নাই,ফাঁকা মাঠ ছাড়া।'
এ বিষয়ে জেলা পরিষদ ও পৌরসভার দায়িত্বে থাকা কারো বক্তব্য পাওয়া যায়নি।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,', সকালে শিশুরা স্টেডিয়ামে ছিলো। দিনব্যাপী ওটা(লেখা) দিতে হয়, দিয়েছি।তাছাড়া পৌরসভার পার্কটি অকেজো, আর জেলা পরিষদের পার্ক আমরা বুঝে পাইনি,তাই বাচ্চাদের নিরুৎসাহিত করছি।আমি বলতেছি বিকালে খুলে দেবে।


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।