রৌমারী সংবাদদাতা-
কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ১০০ পুস ইয়াবা প্যাকেট করার সময় রফিক মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেফতারকৃত ব্যবসায়ী রফিক মিয়ার বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী রফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী রফিক এলাকার চিহিৃত মাদক কারবারি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে। সোমবার সকালে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা প্যাকেট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারবারির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টা করে ওই কারবারি। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য করার জন্য অনুরোধ করা হল।